জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে চালু থাকা রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের সব ফিলিং স্টেশনে আগের মতোই স্বাভাবিকভাবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি চলবে।
আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান। তবে কেউ এই সুযোগে জ্বালানি তেল মজুদ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সঙ্কট মোকাবিলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ ১৫ মার্চ থেকে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।
সূত্র : ইউএনবি



