শিক্ষার মানোন্নয়ন ও তরুণদের দক্ষতা বিকাশে সরকার নানা উদ্যোগ নিয়েছে : সেতুমন্ত্রী

‘বর্তমান বিশ্বে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের আধুনিক প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা ও কর্মমুখী দক্ষতার সাথে সম্পৃক্ত করতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য দেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
বক্তব্য দেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম |সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, আধুনিক ও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আধুনিক যোগাযোগ ও প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন জরুরি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের আধুনিক প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা ও কর্মমুখী দক্ষতার সাথে সম্পৃক্ত করতে হবে।

এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও অবকাঠামোকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরো বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। তাই শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং তাদের দেশ গঠনের উপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে।

বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। বাসস