৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘সুবিধাবাদীরা কিছু মামলা দায়ের করেছে, যাদের সংশ্লিষ্ট ঘটনায় কোনো সম্পৃক্ততা ছিল না। তাদের মধ্যে অনেক ব্যবসায়ী এবং সমাজের সুপরিচিত ব্যক্তিত্বও রয়েছেন।’

নয়া দিগন্ত অনলাইন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সকল বাহিনী প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সকল বাহিনী প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ |সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে।

আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে, সেগুলো যাচাই-বাছাই করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন, সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

সচিবালয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সকল বাহিনী প্রধানদের সাথে বৈঠকে যোগদানের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সুবিধাবাদীরা কিছু মামলা দায়ের করেছে, যাদের সংশ্লিষ্ট ঘটনায় কোনো সম্পৃক্ততা ছিল না। তাদের মধ্যে অনেক ব্যবসায়ী এবং সমাজের সুপরিচিত ব্যক্তিত্বও রয়েছেন।’

কর্তৃপক্ষকে মামলাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমি ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ তদন্তের পরে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি, যাতে কেউ হয়রানির শিকার না হয়।’

আইনের শাসনের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ার অপব্যবহার রোধ এবং নাগরিকদের হয়রানি থেকে রক্ষা করার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। বাসস