রাজধানীর কদমতলীর লামাপাড়া এলাকায় কামাল স্টিল মিলে লোহা গলানোর চুল্লি বিস্ফোরণে আক্তার হোসেন (৩৫) নামের এক শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে কাজ করার সময় চুল্লিতে আকস্মিক বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে আক্তার হোসেন দগ্ধ হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আক্তার হোসেন শ্যামপুরের শাহী মসজিদ এলাকার সামির উদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ কদমতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের স্ত্রী শিউলি বেগম বলেন, আমার স্বামী প্রতিদিনের মতো স্টিল মিলে বৃহস্পতিবারও কাজ করছিলেন। সন্ধ্যার কিছু পরে চুল্লিতে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তিনি দগ্ধ হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানান, আমার স্বামী মারা গেছেন।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



