জ্বালানি সঙ্কট মোকাবেলায় সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ও উদ্ভাবনী উদ্যোগের পাশাপাশি জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।’
শনিবার (৯ মে) রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) আয়োজনে ‘ফিউচার অব এনার্জি ইন বাংলাদেশ : সিকিউরিটি, সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকসের লিড অ্যানালিস্ট শফিকুল আলম।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সৌরবিদ্যুৎ জ্বালানি সঙ্কটের একটি কার্যকর সমাধান হতে পারে। একইসাথে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে জ্বালানি খাতে একটি মনিটরিং সেল গঠনেরও প্রস্তাব দেন তিনি।
অনুষ্ঠানে আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, দেশে প্রতিবছর প্রায় ১০০ এমএমসিএফ গ্যাস উত্তোলন কমছে। সরকার এলএনজি আমদানির মাধ্যমে সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে। শিল্প ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনায় আরো বক্তব্য দেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা পরিষদের সদস্য (অতিরিক্ত সচিব) ড. মো: রফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, বিআইপিপিএ সভাপতি ডেভিড হাসানাত, বিসিএমইএ সভাপতি মঈনুল ইসলাম স্বপন, বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান এবং বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ। বাসস



