ঢাকা সেনানিবাসস্থ সেনা-মালঞ্চে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় এ ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান (অবসরপ্রাপ্ত) বক্তব্য প্রদান করেন এবং এ অনুষ্ঠান আয়োজনের জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পরবর্তী সময়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, তার বক্তব্যে উপস্থিত সকল অতিথিকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সেনাবাহিনীর সূচনালগ্নে তাদের অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, অন্যান্য আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



