ফিলিস্তিনের গাজায় ইসরাইলি ‘গণহত্যার’ প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশের এই মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে দেশের পাশাপাশি সংবাদ প্রকাশ করেছে বেশ কিছু বিদেশী সংবাদমাধ্যমও। এগুলোর মধ্যে রয়েছে আল-জাজিরা, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটে প্রেস (এপি), ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট, আরব নিউজ প্রভৃতি। এমনকি খোদ ইসরাইলি গণমাধ্যম ‘দ্যা টাইমস অব ইসরাইল’ও এ ঘটনায় সংবাদ প্রকাশ করেছে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছে।
আরব নিউজ তার প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ঢাকায় ১০ লাখের বেশি মানুষ জড়ো হন। যা গাজাবাসীর প্রতি বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সংহতি প্রকাশ এটি। এতে আরো বলা হয়েছে, বিক্ষোভকারীরা শপথ নিয়েছেন ইসরাইলের সাথে সংশ্লিষ্ট সব পণ্য বয়কট করবেন। তারা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিনি’, ‘ইসরাইলি আগ্রাসন বন্ধ করো’, ‘ইসরাইলি পণ্য বয়কট করুন’ এমন স্লোগান দেন।
টাইমস অব ইসরাইল পত্রিকায় ‘বাংলাদেশে গাজা যুদ্ধের প্রতিবাদে প্রায় ১ লাখ লোকের বিক্ষোভ, নেতানিয়াহু ও তার সমর্থনকারীদের ছবি পদদলিত’ শিরোনামে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, প্রায় ১ লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন। এ সময় ফিলিস্তিনি পতাকা নিয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেয়া হয়।
এতে আরো বলা হয়, ইসরাইলকে সমর্থন করার অভিযোগে বিক্ষোভকারীদের অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পদদলিত করে। এছাড়াও সমাবেশে গাজার বেসামরিক হতাহতদের প্রতীকী লাশ নিয়ে আসা হয়। প্রতিবেদনে বিক্ষোভ সমাবেশের ছবিও প্রকাশ করা হয়।
ওয়াশিংটন পোস্টের শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে ইসরাইলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের সমাবেশ। সংবাদমাধ্যম ফাস্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সঙ্ঘাতের কারণে সৃষ্ট জাতীয় সঙ্কট : গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে বাংলাদেশে হাজারো মানুষের সমাবেশ।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সমাবেশে প্রায় এক লাখ মানুষ ছিলেন। এতে বিএনপিসহ ইসলামী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে।
বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বাংলাদেশের রাজধানীতে ইসরাইলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে শনিবার বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছেন।
এ দিন প্রায় এক লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছিলেন। তারা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করে এবং ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।
টরেন্টো স্টার নামের একটি গণমাধ্যমে ‘বাংলাদেশের রাজধানীতে ইসরাইলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের বিক্ষোভ সমাবেশ’ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এছাড়া দ্য ইন্ডিপেন্ডেন্ট, এমএসএন, স্টার ট্রিবিউন, সিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে ঢাকায় বিক্ষোভের খবর প্রকাশ করা হয়েছে।



