নৌপথে যাত্রীসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান ফেরি চলাচল, যানবাহন ও যাত্রী ব্যবস্থাপনা, ঘাটের সার্বিক অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

নয়া দিগন্ত অনলাইন
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান |সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান নৌপথে যাত্রীসেবার মানোন্নয়নে ফেরিঘাটের অবকাঠামো রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছেন। তিনি ফেরিঘাট এলাকায় সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা ব্যবস্থার আরো উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

বুধবার (১ জুলাই) দুপুরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ আরিচা-দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনকালে এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি ফেরি চলাচল, যানবাহন ও যাত্রী ব্যবস্থাপনা, ঘাটের সার্বিক অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

প্রতিমন্ত্রী ঘাট এলাকায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং ঈদসহ বিভিন্ন উৎসব মৌসুম ও স্বাভাবিক সময়ে যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় জোরদারের নির্দেশনা দেন।

তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে আরিচা-দৌলতদিয়া নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নৌপথে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ফেরির আধুনিকায়ন কার্যক্রম, ঘাটের নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীসেবার মানোন্নয়নে গৃহীত উদ্যোগগুলো পর্যালোচনা করেন।

এ সময় স্থানীয় একটি গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আরিচা ফেরিঘাটে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগের বিষয়টি তিনি গুরুত্বসহকারে সরেজমিনে পরিদর্শন করেন।

সংশ্লিষ্টরা জানান, ফেরিঘাটের এ অ্যাপ্রোচরোড অস্থায়ীভাবে নির্মাণ করা হয়। রাস্তাটির প্রকৌশল ডিজাইনেও বাঁশ দিয়ে তৈরির বিষয়টি রয়েছে। এটি একটি অস্থায়ী রাস্তা, যা প্রতি দুই-তিন মাস অন্তর পরিবর্তিত হয়ে থাকে। প্রচলিত নিয়মও সেটা। বিগত ১৯৬৩ সাল থেকেই এটি একটি প্রচলিত পদ্ধতি হিসেবে স্বীকৃত আছে। এখানেও সেভাবে কাজ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমে প্রকাশিত যেকোনো অভিযোগ সরকার গুরুত্বের সাথে বিবেচনা করে এবং প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে। তিনি নির্মাণকাজে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তিনি আরো বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ নৌ-চলাচল এবং সরকারি উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না।

জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ, আধুনিক, নিরাপদ ও স্বচ্ছ নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করে যাত্রীসেবা আরো উন্নত, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এ সময় বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি-সহ সংশ্লিষ্ট সকল দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস