চুপ্পুকে গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

সমাবেশে বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যেসব অভিযোগ জনসমক্ষে এসেছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

নয়া দিগন্ত অনলাইন
মতিঝিলে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ
মতিঝিলে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ |সংগৃহীত

পলাতক ফ্যাসিস্ট হাসিনার দোসর খ্যাত সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন ইসলামী ব্যাংকের একদল গ্রাহক। ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগে দায়ীদের বিচারের দাবিও জানানো হয়।

বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি পল্টনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তনের পর ব্যাংকটির সুশাসন, আর্থিক স্থিতিশীলতা এবং গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, শেয়ার কেলেঙ্কারি, ব্যাংক দখল ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত, গ্রেফতার ও বিচার দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যেসব অভিযোগ জনসমক্ষে এসেছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির যে বিধান রয়েছে, তা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের আগের কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার দাবি, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালনের সময় সংঘটিত বলে অভিযোগ থাকা শেয়ার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের ঘটনায় মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত, মামলা ও গ্রেফতারের আইনগত সুযোগ রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।