ভূমিমন্ত্রী

দুর্নীতিমুক্ত ও জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

‘ভূমি মন্ত্রণালয়কে একটি পূর্ণাঙ্গ জনসেবামূলক ও জনগণের আস্থার প্রতিষ্ঠানে রূপ দিতে ইতোমধ্যে নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু
বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু |সংগৃহীত

দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়কে একটি পূর্ণাঙ্গ জনসেবামূলক ও জনগণের আস্থার প্রতিষ্ঠানে রূপ দিতে ইতোমধ্যে নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের সভাকক্ষে আয়োজিত ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘আমরা সকল ভূমিসেবা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করছি। এই মন্ত্রণালয় জনসেবামূলক প্রতিষ্ঠান এবং এটিকে আরো গ্রহণযোগ্য করতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। ভূমিসেবা মেলার মাধ্যমে সারাদেশে ব্যাপক জনসচেতনতা ও ইতিবাচক জাগরণ সৃষ্টি হয়েছে।’

তিনি আরো বলেন, ভূমি অফিসের ভেতরে বা বাইরে থেকে যারা দুর্নীতির চেষ্টা করে কিংবা দালালি ও হয়রানির মাধ্যমে জনগণের ভোগান্তি বাড়ায়, তাদের জন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে।

আমরা সততা ও নিষ্ঠার সাথে জনগণের ভূমিসেবা নিশ্চিত করতে চাই। কেউ যদি সেবার মানসিকতা বাদ দিয়ে শাসকের মনোভাব নিয়ে কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

ভূমি-সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতা কমাতে সরকার দ্রুতই সংসদে একটি নতুন বিল আনবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘ভূমির সকল সেবা একটি ছাতার নিচে নিয়ে আসতে আমরা কাজ করছি। এতে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় সেবা পাবে এবং হয়রানি কমবে।’

অনুষ্ঠানে তিনি দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ‘এ দেশের মানুষ সবসময় দখলদারদের প্রতিহত করেছে নিজেদের জমিজমা ও পরিবার রক্ষার জন্য। বিদেশীদের মধ্যে আমাদের কোনো প্রভু নেই, সকলে আমাদের বন্ধু। দেশের জনগণের জন্য যেটা ভালো হয়, সরকার সেই ব্যবস্থাই নেবে।’ বাসস