লালবাগে ভাড়া বাসা থেকে অ্যাডভোকেটের লাশ উদ্ধার

লালবাগ বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান, এডিসি ও লালবাগ থানার ওসিসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
অ্যাডভোকেট আনোয়ার হোসেন
অ্যাডভোকেট আনোয়ার হোসেন |সংগৃহীত

রাজধানীর লালবাগে একটি ভাড়া বাসার রুম থেকে আনোয়ার হোসেন নামে এক অ্যাডভোকেটের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, দুই-তিন দিন আগে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লালবাগ থানার শহীদ নগর তিন নম্বরের ফালা মসজিদ গলির ১০/২ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই রুমে আনোয়ার হোসেন একাই থাকতেন। চলতি মাসেই চার হাজার টাকা ভাড়ায় তিনি রুমটিতে উঠেছিলেন বলে বাড়ির মালিক মনির হোসেন জানিয়েছেন। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিমের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

পুলিশ জানায়, আনোয়ার হোসেনের সাথে থাকা ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা হিসেবে ৩১২ জগন্নাথ সাহা রোড উল্লেখ রয়েছে। তার স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।

লালবাগ বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান, এডিসি ও লালবাগ থানার ওসিসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে।