র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেসের ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো: আহসান হাবীব পলাশ।
আজ শনিবার (২৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অতিরিক্ত আইজিপি মো: আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তার দীর্ঘ চাকরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪ এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পিবিআই হেডকোয়ার্টাসে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি পদোন্নতি সূত্রে রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন।
মো: আহসান হাবীব পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া হতে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন।


