বৃক্ষরোপণ সফল ও ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় ডিএসসিসি’র কমিটি গঠন

সভায় বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নবগঠিত এই কমিটি করপোরেশনের ১০টি অঞ্চলভিত্তিক বৃক্ষরোপণের একটি সুনির্দিষ্ট ও বিস্তারিত মহাপরিকল্পনা প্রণয়ন করবে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন |সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে এবং ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় কার্যকর করণীয় নির্ধারণে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) নগর ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম।

সভায় বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নবগঠিত এই কমিটি করপোরেশনের ১০টি অঞ্চলভিত্তিক বৃক্ষরোপণের একটি সুনির্দিষ্ট ও বিস্তারিত মহাপরিকল্পনা প্রণয়ন করবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘নগরীকে সবুজ ও পরিবেশবান্ধব করতে আমরা বদ্ধপরিকর।’

সভায় জানানো হয়, পরিবেশ সুরক্ষায় ডিএসসিসির ‘জিরো সয়েল’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বিভিন্ন সড়ক দ্বীপে (মিডিয়ান) প্রায় ১৮ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। এছাড়া, গত ১৬ জুন ডিএসসিসি এলাকায় একযোগে ৬০০টি চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বছরের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়েছে।

এদিকে, নগরীর দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিষয়ে সভায় গুরুত্বের সাথে আলোচনা করা হয়। বিশেষ করে ভূমিকম্পের মতো বড় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মধ্যে একটি কার্যকর ও সুদৃঢ় সমন্বয় গড়ে তোলার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস