রাজধানীর শনির আখড়া এলাকায় বৃষ্টির পানিতে ডুবে থাকা পানি তোলার মোটর পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রেজাউল করিম (৬২) নামে বাংলাদেশ ব্যাংকের সাবেক এক অতিরিক্ত পরিচালকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কদমতলী থানার শনির আখড়া এলাকায় নিজ বাড়িতে বৃষ্টির পানিতে ডুবে থাকা পানি তোলার মোটর পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রেজাউল করিম মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভ্রমরদা গ্রামের মরহুম কাজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। বর্তমানে শনির আখড়ায় নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি দুই সন্তানের জনক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক ছিলেন।
নিহতের ভায়রা ভাই মোহাম্মদ বাকী জানান, এক ভাড়াটিয়ার মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন হাসপাতালে নেয়ার পর ঢাকা মেডিক্যালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।



