রেশমের উন্নয়নে কাজ করছে সরকার : পাট প্রতিমন্ত্রী

‘রেশম খাতে জড়িত দুস্থ নারীদের ‘ফ্যামিলি কার্ড’ সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় কাজ করছে সরকার। এ খাতের সাথে সংশ্লিষ্ট বন্ধ থাকা কারখানাগুলো চালু করতে উদ্যোগ গ্রহণ করা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম |সংগৃহীত

সরকার দেশীয় ঐতিহ্য রেশমের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনাতে রেশম খাতের উন্নয়নে কাজ করছে সরকার। দারিদ্র্য হ্রাসে রেশম খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ খাতের জনবলের অধিকাংশই গ্রামীণ দুঃস্থ নারী। এ শিল্প উন্নত করলে গ্রামীণ কর্মসংস্থান বাড়াবে। তবে এজন্য বিদেশী বিনিয়োগ আনতে হবে। সেজন্য সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি।’

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অফিসকক্ষে জাপানভিত্তিক প্রতিষ্ঠান অনোডা ইনকের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা জানান।

শরিফুল আলম বলেন, রেশম খাতে জড়িত দুস্থ নারীদের ‘ফ্যামিলি কার্ড’ সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় কাজ করছে সরকার। এ খাতের সাথে সংশ্লিষ্ট বন্ধ থাকা কারখানাগুলো চালু করতে উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, ঐতিহ্যবাহী রেশম শিল্পের উন্নয়ন ও বিকাশে ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অধ্যাদেশে ‘বাংলাদেশ রেশম বোর্ড’ সৃষ্টি করা হয়। বর্তমানে দেশের ৩২ জেলার ৫২ উপজেলায় এর কার্যক্রম চলছে। রেশম সুতার মান আরো ভালো করা দরকার। সেজন্য উন্নত গবেষণার প্রয়োজন। বাসস