ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার একটি দোতলা ভবনে গ্যাস লিকেজ থেকে আগুনে স্ত্রী ও স্বামী দগ্ধ হয়েছেন। তারা হলেন মিজানুর রহমান (২৮) ও তার স্ত্রী সাবিনা বেগম (২৫)। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।
আজ শনিবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা সাবিনা বেগমের বড় ভাই সোহেল রানা জানান, আমার বোন ও ভগ্নিপতি দু’জনেই একটি পোশাক কারখানায় কাজ করতেন। ভোরের দিকে রান্না করার সময় চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসের মধ্যেই আগুন লাগে। এতে আমার বোন ও ভগ্নিপতি দু’জনেই দগ্ধ হয়েছেন। তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে দু’জন এসেছে। মিজানুর রহমানের শরীরে ২০ শতাংশ দগ্ধ ও সাবিনা বেগমের শরীরে ১৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক।



