শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৪ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় ঈদের ছুটিকালীন সময়ে রাজধানীতে বড় ধরনের কোনো দুর্ঘটনা, নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ এ তথ্য জানিয়েছেন।
পুলিশ কমিশনার বলেন, পশুর হাট, বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, শপিংমল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঈদ জামাতস্থল, আবাসিক এলাকা এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সকল ইউনিট নিরলসভাবে কাজ করেছে।
তিনি বলেন, ডিএমপির বিশেষ অভিযানে ১ মে থেকে ২ জুন পর্যন্ত ডিএমপির অপারেশনাল ইউনিটগুলো বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫৮ জন চাঁদাবাজ, ৯৭১ জন ছিনতাইকারী, ডাকাত ও সন্ত্রাসী এবং এক হাজার ২১৫ জন মাদক কারবারিসহ সর্বমোট দুই হাজার ৮৪৪ জনকে গ্রেফতার করে।
তিনি আরো বলেন, ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপির বিশেষ অভিযানে ঈদের ছুটিতে অর্থাৎ ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রায় জনশূন্য রাজধানীর নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বর্ধিত টহল, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভিসহ প্রযুক্তিগত মনিটরিং অব্যাহত রাখা হয়। যার ফলে ঈদের ছুটির সাত দিনে আড়াই থেকে তিন কোটি মানুষের এই মেগাসিটিতে কোন ডাকাতি কিংবা চাঞ্চল্যকর কোন অপরাধ সংঘটিত হয়নি। তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি চুরি, ছিনতাই, দস্যুতার ঘটনা ঘটেছে। যা তুলনামূলক স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিচয় বহন করে।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো: নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস



