শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। আজ শুক্রবার ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদফতরের সিসমিক সেন্টার থেকে ১৩ কিলোমিটার পূর্বে।
অপরদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল নরসিংদী জেলা শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
ইউরোপিয়ান-মেডিটারানিয়ান সিসেমোলজিক্যাল সেন্টারও (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল বাংলাদেশ।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও লোকজন ব্যাপক আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন।
এদিকে, বাংলাদেশের মতো কলকাতা ও আশপাশের কয়েকটি জেলাতেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বলে ভারতের গণমাধ্যমগুলো খবর দিয়েছে।
এর আগে আজ সকালে পাকিস্তান ও আফগানিস্তানেও দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।



