ইনভেস্ট বাংলাদেশের প্রযুক্তি বিভাগের প্রথম সদস্য মুনতাসীর

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশের সদস্য পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

বিনিয়োগকারীদের ডিজিটাল সেবা সহজ, দ্রুত ও সমন্বিত করতে ইনভেস্ট বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের প্রথম সদস্য হিসেবে মোহাম্মদ মুনতাসীর হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশের সদস্য পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।

ডিজিটাল পণ্য, উদ্ভাবন ও বাণিজ্যিক কার্যক্রমে দুই দশকের অভিজ্ঞ মুনতাসীর গ্রামীণফোন ও টেলিনর গ্রুপে বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। পরে উদ্যোক্তা হিসেবে আন্তর্জাতিক বাজারে প্রযুক্তি ব্যবসা গড়ে তোলেন।

ইনভেস্ট বাংলাদেশে তিনি বিনিয়োগকারীদের এক জায়গা থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পাওয়া এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ তৈরিতে ডিজিটাল ব্যবস্থার আধুনিকায়নে নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য, তিনটি সরকারি সংস্থা একীভূত হয়ে গত ২০ আগস্ট ইনভেস্ট বাংলাদেশ দেশের প্রধান বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে যাত্রা শুরু করে। বাসস