বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, মানুষের জানমালের নিরাপত্তা, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করতে সৎ, চরিত্রবান ও নিঃস্বার্থ নেতৃত্ব প্রয়োজন। ইসলাম এমন একটি জীবনব্যবস্থার কথা বলে, যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং অন্যায়-জুলুমের অবসান ঘটবে।
মঙ্গলবার সকালে রাজধানীর তুরাগ দক্ষিণ থানার ৫২ নম্বর ওয়ার্ডের পাকুরিয়া এলাকায় কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা এমন একটি সমাজ চাই না, যেখানে সাধারণ মানুষ ন্যায়বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরবে। এমন একটি সমাজ চাই, যেখানে মানুষ বিপদে পড়লে রাষ্ট্র তার পাশে দাঁড়াবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেক নাগরিক তার অধিকার ফিরে পাবে।’
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘দাওয়াতি কার্যক্রমে যারা বের হয়েছেন, তারা মানুষের কাছে স্বতঃস্ফূর্তভাবে যাবেন এবং সুন্দরভাবে ইসলামের কথা তুলে ধরবেন। আল্লাহর পথে সময় ব্যয় করা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মপ্রাণ, চরিত্রবান ও নিঃস্বার্থ মানুষের হাতে নেতৃত্ব থাকবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং কেউ কারো ওপর জোর-জবরদস্তি করতে পারবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকার সামনেও একজন শিক্ষিকাকে ছিনতাইকারীদের হাতে প্রাণ দিতে হয়েছে। প্রায় ৪০ বছর শিক্ষকতা করা ওই নারী স্বামীর সাথে সেখানে এসেছিলেন। মোটরসাইকেলে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তিনি প্রশ্ন করেন, একজন স্ত্রী যদি স্বামীর সাথেও নিরাপদ না থাকেন, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? ন্যায়বিচার কোথায়? জুলাইয়ের আন্দোলন-সংগ্রাম কি এমন একটি বাংলাদেশের জন্য হয়েছিল?
তিনি বলেন, ‘ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামীর দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে।’
সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দাঈ হিসেবে ভূমিকা পালন করে মানুষকে ন্যায়, সততা ও ইসলামের পথে আহ্বান জানানোর আহ্বান জানান তিনি।
এ সময় ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও তুরাগ দক্ষিণ থানা আমির অ্যাডভোকেট মাওলানা আবু বকর সিদ্দিক, সাবেক থানা আমির ও শ্রমিক নেতা মাহবুব আলম, থানা সেক্রেটারি আহসান হাবিব, সহকারী সেক্রেটারি শফি আলম সজিবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



