প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আজ সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেল থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান পুত্রজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে উদ্দেশ্যে রওনা দেন। তারা সকাল ৯টায় সেখানে পৌঁছলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।
এরপর লালগালিচায় তারেক রহমান ও ডা: জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচিত করিয়ে দেন এবং সফরসঙ্গীদের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।



