সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির কারণে গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো: সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো: সাইফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) (চলতি দায়িত্ব), লালমনিরহাট গণপূর্ত বিভাগ (সাবেক নির্বাহী প্রকৌশলী, ঢাকা গণপূর্ত বিভাগ-৪, ঢাকা) ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ কর্মরত থাকাকালে ‘বাংলাদেশ সুপ্রীম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে’র মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতে কাজ (ডাব্লিউ-১) প্যাকেজের সিভিল কাজ ডিপিপি বা আরডিপিপি বা এইচওপিই’র অনুমোদন ব্যতিরেকেই বিধি-বর্হিঃভূতভাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক একটি প্যাকেজকে আটটি প্যাকেজে বিভাজন করে ইজিপি’র মাধ্যমে টেন্ডার আহ্বান করে ছয় কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা খরচ করেছে।
বিভাজিত আটটি প্যাকেজের কাজের বিপরীতে তার দায়িত্ব পালনকালে ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত বিলের বিপরীতে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, এসব কাজে ডাব্লিউ-১ (ড-১) প্যাকেজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিইএল (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড) ছাড়া অন্য আটটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে ছয় কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে ও কাজ ছাড়া বিল পরিশোধ করা হয়েছে। যা সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি।
মো: সাইফুজ্জামানকে সরকারি চাকরি আইনে ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি হতে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন বলেও জানানো হয়।



