এআই মামলার ভুয়া এসএমএসে সতর্ক থাকার আহ্বান ডিএমপির

ডিএমপি জানিয়েছে, প্রয়োজন হলে শুধু দু’টি সরকারি মোবাইল নম্বর- ০১৩২০০৪২২০৭ এবং ০১৩২০০৪২২২৭ থেকে এসএমএস পাঠানো হয়। ট্রাফিক এআই বা ভিডিও মামলার জরিমানার টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে উপায় ও সিবিবিএলের মাধ্যমে পরিশোধ করা যায়।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ |সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা আদায়ের নামে ভুয়া এসএমএস ছড়িয়ে প্রতারণার চেষ্টা চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ধরনের বার্তায় বিভ্রান্ত না হতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৫ মে) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ট্রাফিক বিভাগের নামে জরিমানা সংক্রান্ত এসএমএস পাঠানো হচ্ছে। তবে এসব বার্তা সম্পূর্ণ বানোয়াট ও অসত্য।

সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্যকারী কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা হলে সংশ্লিষ্ট গাড়ির মালিকের ঠিকানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত অফিসিয়াল চিঠি পাঠানো হয়।

ডিএমপি জানিয়েছে, প্রয়োজন হলে শুধু দু’টি সরকারি মোবাইল নম্বর- ০১৩২০০৪২২০৭ এবং ০১৩২০০৪২২২৭ থেকে এসএমএস পাঠানো হয়। ট্রাফিক এআই বা ভিডিও মামলার জরিমানার টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে উপায় ও সিবিবিএলের মাধ্যমে পরিশোধ করা যায়।

নগরবাসীকে সতর্ক করে বলা হয়েছে, ডিএমপির ট্রাফিক বিভাগ কখনোই কোনো ব্যক্তির কাছে পিন নম্বর, পাসওয়ার্ড বা ওটিপি চায় না। কেউ এ ধরনের তথ্য চাইলে সেটি প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

ট্রাফিক এআই বা ভিডিও মামলা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ডেল্টা-৩ অথবা সরকারি নম্বর ০১৩২০০৪২২০৭ ও ০১৩২০০৪২২২৭-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডিএমপি। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এও যোগাযোগ করা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য দ্বারা বিভ্রান্ত বা প্রতারিত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।