নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম। এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটুকু এগিয়ে নিয়ে গেছি, নতুন যিনি বা যারা দায়িত্বে আসবেন তারা হয়তো আরো ভালো কাজ করবেন।

নয়া দিগন্ত অনলাইন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী |ইন্টারনেট

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নির্ভেজাল, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের দিন সারাদেশে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি এবং কোনো প্রাণহানি হয়নি।

আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী সংবর্ধনা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, নির্বাচনে কোনো অবৈধ হাতিয়ার ব্যবহার হয়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণমাধ্যম যেকোনো রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো, এক ও অবিচ্ছেদ্য অংশ। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভা এ তিনটি স্তরের পাশাপাশি গণমাধ্যমও সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আশা করি ভবিষ্যতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও এটা বজায় থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সবচেয়ে বড় সন্তুষ্টি হচ্ছে, আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম। এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটুকু এগিয়ে নিয়ে গেছি, নতুন যিনি বা যারা দায়িত্বে আসবেন তারা হয়তো আরো ভালো কাজ করবেন।

সূত্র : বাসস