টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নারীদের সুযোগ বৃদ্ধি এবং তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন সহযোগিতার ক্ষেত্র খোঁজার জন্য জাতিসঙ্ঘের প্রকল্প সেবা বিষয়ক দফতরের (ইউএনওপিএস) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বিশেষ করে নারী ও মেয়েদের অগ্রগতি ত্বরান্বিত করে এমন উদ্যোগের ওপর জোর দেন তিনি।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইউএনওপিএস’র কান্ট্রি ম্যানেজার সুধীর মুরলীধরন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
বৈঠককালে প্রতিমন্ত্রী বাংলাদেশ এবং জাতিসঙ্ঘের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন। একই সাথে তিনি মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সরকারের উন্নয়নের অগ্রাধিকারগুলো তুলে ধরে শামা ওবায়েদ নারীর ক্ষমতায়ন, মেয়েদের শিক্ষা এবং সব খাতে নারী নেতৃত্ব শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-৫ অনুযায়ী লিঙ্গ সমতা অর্জনে প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
প্রতিমন্ত্রী নারী ও মেয়েদের জন্য বৃহত্তর সুযোগ তৈরি এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে ইউএনওপিএস’কে সহযোগিতার পরিধি বিস্তৃত করার আহ্বান জানান।
সুধীর মুরলীধরন বাংলাদেশে ইউএনওপিএস’র বৈশ্বিক ও জাতীয় পর্যায়ের অগ্রাধিকার, চলমান কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
তিনি ধারাবাহিক অংশীদারিত্ব, প্রযুক্তিগত দক্ষতা এবং কার্যকর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার বিষয়ে ইউএনওপিএস’র অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন।
সূত্র : বাসস



