জুলাই আন্দোলনে রাজধানীর বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো: জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, বুধবার (১৪ মে) এ মামলায় তাকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার (২০ মে) তাকে এ মামলায় রিমান্ডে নেয়া হয়।
এর আগে ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শেখ মেহেদী হাসান জুনায়েদ একটি মিছিলে অংশগ্রহণ করেন। ওই দিন শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় ছাত্র-জনতার ওপর আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে। আসামিদের ছোঁড়া বুলেটে ঘটনাস্থলে ভিকটিম শেখ মেহেদী হাসান জুনায়েদের মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ভিকটিমকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা হয়। সূত্র : বাসস



