বিমান বাহিনীর প্রধান

এমন উৎসবমুখর ভোট ছোটবেলায় দেখেছিলাম

অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন অনেক কাজ করেছেন এই নির্বাচনের জন্য। এটা আমরা উৎসবমুখরভাবে করতে চেয়েছিলাম।

নিজস্ব প্রতিবেদক
ভোট দিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন
ভোট দিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন |নয়া দিগন্ত

বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন অনেক কাজ করেছেন এই নির্বাচনের জন্য। এটা আমরা উৎসবমুখরভাবে করতে চেয়েছিলাম। আজকে অনেক বছর ধরে ভোট দিচ্ছি। অনেক বছর পর একটা সত্যি উৎসবমুখর ভোট দেখছি, যেটা হয়তোবা আমি একদম ছোটবেলায় দেখেছিলাম। ইনশা আল্লাহ, দিনের শেষে আমরা একটা সুন্দর নির্বাচনের আশা করছি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি এই অনুভূতি ব্যক্ত করেন।

প্রধম মহান আল্লাহ তাালার শুকুর গুজার করে বিমান বাহিনীর প্রধান বলেন, আল্লাহ আমাদের আজকে এই দিনটা দিয়েছেন। আমাদের বাংলাদেশের জনগণের একটা বহুল প্রতীক্ষিত দিন। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম। গণতন্ত্রের পথে ফিরে আসতে চেয়েছিলাম। আজকে এই সংসদ নির্বাচনের মাধ্যমে ইনশা আল্লাহ আমাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে।

তিনি বলেন, আজকে আমি সকাল থেকে সারাদেশের খবর পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদেরও এক্সপেক্টেশনের বাইরে সুষ্ঠু নির্বাচন এখন পর্যন্ত হয়েছে। কোথাও কোনো রকমের কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। এবং আমি একইভাবে বলব যে আমাদের সেনাবাহিনীর প্রধান বলেছেন যে সবাই যারা যারা এখনো অপেক্ষায় আছেন, তারা বাসা থেকে বের হয়ে ভোট দিতে আসেন। সবাই ভোট দেন, যাতে আমাদের একটা রেকর্ড সংখ্যক ভোট এবার পরে।

তিনি আরো বলেন, ভোট গণনার মাধ্যমে যেই জয়ী হবেন আমরা তার কাছ থেকে নতুন দেশের প্রত্যাশা করব- এটাই ছিল আমার বক্তব্য। আরেকটা কথা বলব যে সশস্ত্র বাহিনীর সাথে বিমান বাহিনীও সব জায়গায় যেখানে আমাদের নিয়োজিত থাকার কথা, আমরা নিয়োজিত আছি। কাঁধে কাঁধ মিলিয়ে অসামরিক প্রশাসনের সাথে কাজ করছি, যাতে নিশ্ছিদ্র নিরাপত্তায় রাখতে পারি।

বিমান বাহিনীর প্রধান বলেন, যেকোনো ভোটকেন্দ্রে আমাদের আকাশ থেকেও পর্যবেক্ষণ জারি আছে, বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত এলাকায় বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে আমরা মনিটর করছি। এখন পর্যন্ত কোনো ধরনের ঘটনা দুর্ঘটনার রিপোর্ট আমার কাছে আসেনি।