কামরাঙ্গীরচরে পরিচ্ছন্ন কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিহত সাব্বির কামরাঙ্গীরচরের হুজুরপাড়া বেলিরোড এলাকার মুক্তার হোসেনের দু’তলা বাসায় ভাড়া থাকতেন। তার বাবার নাম আব্দুল খালেক।

নিজস্ব প্রতিবেদক
পরিচ্ছন্ন কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার
পরিচ্ছন্ন কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারি ঘাট দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ নম্বর ওয়ার্ড ময়লা ফেলার ডাস্টবিনের সামনে থেকে অর্ধগলিত মোহাম্মদ সাব্বির (২০) নামের এক পরিচ্ছন্ন কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ ওমর ফারুক জানান, আমরা খবর পেয়ে মঙ্গলবার বিকেলে দিকে কামরাঙ্গীরচর ব্যাটারি ঘাট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের ময়লার ডাস্টবিনে সামনে থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠানো হয়।

তিনি আরো জানান, নিহত যুবক একটি ঠিকাদারি বেসরকারি কোম্পানির পরিচ্ছন্ন কর্মী ছিল আমরা জানতে পারি। আমরা ওই যুবকের মৃত্যুর বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরো জানান, নিহত সাব্বিরকে কে বা কারা হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যায় বলে ধারণা হচ্ছে। সাব্বির কামরাঙ্গীরচরের হুজুরপাড়া বেলিরোড এলাকার মুক্তার হোসেনের দু’তলা বাসায় ভাড়া থাকতেন। তার বাবার নাম আব্দুল খালেক।