লিফটের ফাঁকা স্থানে শিশুর লাশ, বিচারের দাবিতে হাতিরঝিল থানা ঘেরাও

‘মঙ্গলবার রাতে পশ্চিম উলন এলাকায় তাহেদী আক্তার (৬) নামে শিশুটির লাশ পাওয়া যায়। তারাবির নামাজের সময় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে বাসার পাশের ভবনে তার লাশ দেখতে পান এলাকাবাসী।’

নিজস্ব প্রতিবেদক
হাতিরঝিল থানা
হাতিরঝিল থানা |সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে এক শিশুর লাশ পাওয়ার ঘটনায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী। এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার রাত ১০টার দিকে হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ করে ও সড়ক অবরোধ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার রাতে পশ্চিম উলন এলাকায় তাহেদী আক্তার (৬) নামে শিশুটির লাশ পাওয়া যায়। তারাবির নামাজের সময় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে বাসার পাশের ভবনে তার লাশ দেখতে পান এলাকাবাসী।

খবর পেয়ে হাতিরঝিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার রাতে হাতিরঝিল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বুধবার রাতে এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, লাশের দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, শিশু তাহেদী আক্তার স্থানীয় একটি মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ত। শিশুটির বাবা লিটন মিয়া কুমিল্লার তিতাস উপজেলার আলীরগাঁও গ্রামের বাসিন্দা। তিনি পেশায় পোশাকশ্রমিক। পরিবার নিয়ে পশ্চিম উলন এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। এক ভাই ও এক বোনের মধ্যে নিহত শিশু তাহেদী সবার ছোট।