রাজধানীর মিরপুরের পল্লবীতে সরকারবিরোধী মিছিল থেকে ককটেল ও পেট্রল বোমাসহ মো: সামি (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মিছিলে অংশ নেওয়া আরও প্রায় অর্ধশত ব্যক্তি পালিয়ে যান।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পল্লবী ১২ নম্বর সেকশনের ব্লক-সি, লাইন-১-এর একটি বাসার সামনে এ ঘটনা ঘটে।
গ্রেফতার সামি পাবনার ঈশ্বরদী উপজেলার রহিমপুর এলাকায় মো: শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি পল্লবীর ১২ নম্বর সেকশনের সি ব্লকের ১ নম্বর লাইনের ৬ নম্বর বাসায় বসবাস করতেন।
ওসি বলেন, পূর্বপরিকল্পিতভাবে বিস্ফোরক দ্রব্য দিয়ে ককটেল ও পেট্রল বোমা তৈরি করে একটি মিছিল নিয়ে নাশকতার উদ্দেশ্যে পল্লবী ১২ নম্বর সেকশনে জড়ো হয় একদল ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে বেশির ভাগই পালিয়ে যায়। এ সময় ব্যাগভর্তি ককটেল ও পেট্রল বোমাসহ মো: সামিকে আটক করা হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, পূর্ব পরিকল্পিতভাবে নির্বাচিত সরকার বিরোধী শ্লোগোন দিয়ে মিছিল করতে অদ্য শতাধিক লোক মিছিলে যুক্ত হয়। মিছিল থেকে তারা ককটেল বিস্ফোরণ ও পেট্রল বোমা নিক্ষেপ করে নাশকতার চেষ্টা করছিল।
ওসি আরো জানান, মিছিলের সময় তার কাঁধে থাকা একটি স্কুল ব্যাগ থেকে লাল কস্টেপ মোড়ানো একটি ককটেল এবং হাফ লিটার ও কোয়ার্টার লিটারে বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয়ের সাতটি প্লাস্টিকের বোতলে ভর্তি পেট্টোল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর আজ আদালতে তোলা হয়েছে।


