দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সিভি আহ্বান

আগামী ১৩ জুলাই সোমবার বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ের নির্ধারিত স্থানে জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া যাবে। তবে যারা ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না।

নয়া দিগন্ত অনলাইন
দুদক
দুদক |ইন্টারনেট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে এ বিষয়ে গঠিত বাছাই কমিটি।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ জুলাই সোমবার বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ের নির্ধারিত স্থানে জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া যাবে। তবে যারা ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না।

এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানোর লক্ষ্যে গঠিত বাছাই কমিটি চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগে আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ব্যক্তিদের আইনের ধারা ৮(১) অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। একই সাথে ধারা ৮(২)-এ উল্লিখিত অযোগ্যতার আওতাভুক্ত কোনো ব্যক্তি কমিশনার পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না।

জীবনবৃত্তান্তে প্রার্থীর নাম, মা ও বাবার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, চাকরি ও অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ (মেয়াদকালসহ), মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে স্বাক্ষরসহ জমা দিতে হবে।

এছাড়া জীবনবৃত্তান্তের সাথে সাম্প্রতিক সময়ে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার স্বপক্ষে সব সনদপত্রের কপি সংযুক্ত করতে হবে। খামের ওপর ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত’ উল্লেখ করতে হবে।

জীবনবৃত্তান্ত সচিবালয়ের কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র (মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, গেট নম্বর-৫) অথবা জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা, কক্ষ নম্বর-৯৩৫, মন্ত্রিপরিষদ বিভাগ, ভবন নম্বর-১ (নতুন), বাংলাদেশ সচিবালয়, ঢাকায় জমা দেয়া যাবে।

সূত্র : ইউএনবি