বাজেট বিতর্কে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন

এ সময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিরোধী দলের সমালোচনার জবাব দিতে গিয়ে বলেন, ‘বিরোধী দলের সংসদ সদস্য বললেন- আমাদের মন্ত্রীরা নাই, ঠিক আছে। বলার আগে যদি নিজেদের দিকে তাকিয়ে বলতেন, সংসদে বিরোধী দলের নেতা এবং উপনেতা দুইজনের কেউই নাই। তারাও যাতে ঠিকমতো থাকেন।’

সংসদ প্রতিবেদক
ফাইল ছবি

জাতীয় সংসদে বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদও সংসদে মন্ত্রীদের আরো বেশি উপস্থিতি দেখতে চান বলে মন্তব্য করেন।

সোমবার স্পিকারের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিষয়টি উত্থাপন করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

তিনি বলেন, ‘আমি লক্ষ্য করছি বাজেট অধিবেশনের সময় আমাদের অধিকাংশ মন্ত্রী থাকেন না। আমরা আসলে এত নোট করে নিয়ে আসি। আমাদের সরকারি দল, বিভিন্ন দল, সকলেই বক্তব্য দেন।’

সাইফুল আলম বলেন, ‘এইখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নাই। মন্ত্রীদের চেয়ার সব খালি। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি মাননীয় স্পিকার।’

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরো উপস্থিতি দেখতে চাই। শোকর করেন যে অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে। কিন্তু অন্যান্য মন্ত্রীদেরকেও অনুরোধ জানাবেন সংসদ সদস্যদের পক্ষ থেকে। বাজেট সেশন গুরুত্বপূর্ণ সেশন। তারা থাকলে আমরা বাধিত হব।’

এরপর চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তবে সংসদে তাদের উপস্থিত থাকা উচিত।

তিনি আরো বলেন, ‘মাননীয় অর্থমন্ত্রী আগাগোড়াই এখানে উপস্থিত আছেন। বাজেট সংক্রান্ত বিষয়ে যদি কথা বলা হয়, সকল কথার শেষ কথা গিয়ে অর্থমন্ত্রী বলবেন। স্বাস্থ্যখাতের কথা বলবেন, বিদ্যুৎখাতের কথাও বলবেন, পুলিশের কথাও বলবেন, আইনের কথাও বলবেন, সব কথাই অর্থমন্ত্রী বলবেন। সে কারণে মাননীয় অর্থমন্ত্রী প্রেজেন্ট থাকেন।’

তিনি বলেন, ‘আমাদের মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মহোদয় সবসময় উপস্থিত থাকেন। অন্যান্য মন্ত্রীও থাকেন। তবে আমি আশা করব অন্যান্য যারা, যেসব মন্ত্রী এখানে উপস্থিত থাকেন না তারা যেন উপস্থিত থাকেন এবং সংসদকে উপভোগ করেন। বিরোধী দল বা সরকারি দলের যেসব সদস্য কথা বলেন সেগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো যেন সমস্যার সমাধানের ব্যাপারে তারা অগ্রণী ভূমিকা পালন করেন।’

এ সময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিরোধী দলের সমালোচনার জবাব দিতে গিয়ে বলেন, ‘বিরোধী দলের সংসদ সদস্য বললেন- আমাদের মন্ত্রীরা নাই, ঠিক আছে। বলার আগে যদি নিজেদের দিকে তাকিয়ে বলতেন, সংসদে বিরোধী দলের নেতা এবং উপনেতা দুইজনের কেউই নাই। তারাও যাতে ঠিকমতো থাকেন।’

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার বলেন, ‘বিরোধী দলের নেতা না থাকলে অসুবিধা নাই, মন্ত্রীদের থাকা প্রয়োজন। তবুও সংসদের সৌন্দর্য রক্ষার্থে সকলেরই থাকা বাঞ্ছনীয়।’