জুলাই সনদের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা।
লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে শতাধিক জুলাই যোদ্ধাকে শাহবাগে অবস্থান করতে দেখা গেছে। পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে।
জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।
বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।
তবে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের আলোচনা হলেও জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে আপত্তির কথা জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল।



