সৌদি পৌঁছেছেন ৫৪৪৯৭ হজযাত্রী

১৪১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩টি, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

নয়া দিগন্ত অনলাইন
বিমান বন্দরে হজ যাত্রী
বিমান বন্দরে হজ যাত্রী

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, সরকারি-বেসরকারি মোট ১৪১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৯১৪ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৮৭০টি ভিসা ইস্যু করা হয়েছে।

১৪১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩টি, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট পুরুষ ও একজন নারী। তারা হলেন জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো: ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো: শাহজাহান কবীর, নীলফামারীর ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।

২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।

হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।