গৃহহীন হীরা আক্তারকে ঘর নির্মাণ করে দিলেন পরিবেশ প্রতিমন্ত্রী

‘আমার এলাকার কোনো মানুষ গৃহহীন থাকবে না। পর্যায়ক্রমে সকল ভূমিহীন, দুস্থ ও অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা হবে। সরকারি খাস জমি ও পতিত জমি ব্যবহার করে পুনর্বাসনের কার্যক্রম চলমান থাকবে।’

নয়া দিগন্ত অনলাইন
গৃহহীন নারী হীরা আক্তারকে একটি নতুন ঘর উপহার দিলেন পরিবেশ প্রতিমন্ত্রী
গৃহহীন নারী হীরা আক্তারকে একটি নতুন ঘর উপহার দিলেন পরিবেশ প্রতিমন্ত্রী |সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে মোংলা পৌর এলাকায় গৃহহীন নারী হীরা আক্তারের বসবাসের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার (২৯ মে) জুম্মার নামাজের আগে প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে হীরা আক্তারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘আমার এলাকার কোনো মানুষ গৃহহীন থাকবে না। পর্যায়ক্রমে সকল ভূমিহীন, দুস্থ ও অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা হবে। সরকারি খাস জমি ও পতিত জমি ব্যবহার করে পুনর্বাসনের কার্যক্রম চলমান থাকবে।’

তিনি বলেন, বর্তমান সরকারের মানবিক উন্নয়ন নীতির আলোকে শুধু ঘর নির্মাণ নয়, অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতেও নানা উদ্যোগ নেয়া হচ্ছে। এর অংশ হিসেবে পুকুর খননের মাধ্যমে মাছ চাষ, পরিত্যক্ত জমিতে কৃষি আবাদ, গবাদিপশু পালন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে টেকসই জীবনমান গড়ে তুলতে পরিবেশবান্ধব আবাসন, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে এলাকার দরিদ্র ও ভূমিহীন মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘কেউ গৃহহীন থাকবে না’ নীতির আলোকে দেশের বিভিন্ন অঞ্চলে আশ্রয়ণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র : বাসস