আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ও প্রবাস থেকে আসা সাত লাখ ৩০ হাজার ৭৩টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রবাসীদের চার লাখ ৭১ হাজার ৯৫৭টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে।
ইসির সংশ্লিষ্ট প্রকল্প প্রধান ড. সালীম আহমাদ খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
সৌদি আরবের এক লাখ ৫০ হাজার ৫৩৬টি পোস্টাল ব্যালট এখন রিটার্নিং কর্মকর্তার হাতে। তারা ভোট দিয়েছেন এক লাখ ৫৯ হাজার ৫০৮ জন। সর্বোচ্চ ব্যালট গেছে ফেনী-৩ আসনে ১০ হাজার ৩২০টি এবং চট্টগ্রাম-১৫ আসনে ১০ হাজার ১৪৯টি।
ড. সালিম জানান, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার বিদেশে পাঠানো হয়েছিল। তবে ব্যালট গ্রহণ করেছেন পাঁচ লাখ ২৮ হাজার ২৩৩ জন। ভোট দিয়েছেন পাঁচ লাখ ১২ হাজার ৯১৬ জন। আর সংশ্লিষ্ট দেশের ডাকবাক্সে জমা দিয়েছেন পাঁচ লাখ দুই হাজার ৪৮৭ জন। এর মধ্যে চার লাখ ৭১ হাজার ৯৫৭ জন প্রবাসী তাদের ভোট প্রদান করে পুনরায় দেশে পাঠিয়েছেন। তবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের হাতে এসে পৌঁছেছে চার লাখ ১৯ হাজার ৯১৯টি ব্যালট। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, দেশের অভ্যন্তরে সরকারি চাকরিজীবী, কারাবন্দি ও যারা ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা এমন সাত লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছিল। ভোট দিয়েছেন পাঁচ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন। ডাকবাক্সে জমা দিয়েছেন পাঁচ লাখ ৪০৮ জন। এর মধ্যে তিন লাখ ১০ হাজার ১৫৪ জন ভোটার তাদের ব্যালট পূরণ করে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
ইসি বলছে, পোস্টাল ব্যালট সংগ্রহের প্রক্রিয়া এখনো চলমান। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যে সকল ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে। এরপরই শুরু হবে চূড়ান্ত ভোট গণনা কার্যক্রম।



