ডা: আহাদ

শুক্রবার সকালে হাদির লাশ দেশে আনা হবে

‘আপনারা সবাই, এ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন। তার পরিবার যেন ধৈর্য্যধারণ করতে পারেন, এজন্য সবাই দোয়া করব।’

নয়া দিগন্ত অনলাইন
শরিফ ওসমান হাদি
শরিফ ওসমান হাদি |ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার লাশ শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা: মো: আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন।

ডা: আব্দুল আহাদ বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থান পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি, হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। আপনারা সবাই, এ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন। তার পরিবার যেন ধৈর্য্যধারণ করতে পারেন, এজন্য সবাই দোয়া করব।’

তিনি বলেন, ‘শহীদ ওসমান হাদি ভাইয়ের লাশ আগামীকাল সকালের দিকে বাংলাদেশে আনা হবে।’

এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর বিষয়টি জানানো হয়। রাত ৯টা ৪৪ মিনিটে দেয়া ওই পোস্টে লিখা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’