ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা এবং তার নেতৃত্বেই বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে। তার সহকর্মী হিসেবে সবাই দেশ গঠনের কাজে সহযোগিতা করে যাচ্ছেন।
আজ মঙ্গলবার রাজধানীর মিরপুর-১৪ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর বিএন কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি বাস্তবায়ন আরো সহজ হবে।
তিনি বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের মাধ্যমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকে উৎসাহিত করতেই এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শফিকুল ইসলাম খান জানান, এ ধরনের কর্মসূচি নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সিটি কর্পোরেশনের সেবা ও নাগরিক সুবিধাগুলো মানুষের কাছে আরো সহজলভ্য করার উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানে তিনি নেভি কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভা, গান ও নৃত্য পরিবেশনার প্রশংসা করেন। তিনি বলেন, আন্তরিক চেষ্টা থাকলে সফলতা অর্জন সম্ভব এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলো নগরীর প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় ছড়িয়ে দিয়ে পরিচ্ছন্ন নগর গড়ার কাজে কাজে লাগানো হবে।
পুরস্কার বিতরণ শেষে নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের পদ্ধতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয় এবং শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর হুমায়ুন কবীর, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস



