সংরক্ষিত আসন

জামায়াত জোটের ১২ নারীর প্রার্থিতা বৈধ, এনসিপির মনিরার বাছাই স্থগিত

আগামীকাল বৃহস্পতিবার বিএনপির ৩৬ এবং স্বতন্ত্র ৩ জনের বাছাই অনুষ্ঠিত হবে।

বিশেষ সংবাদদাতা
মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মো: মঈন উদ্দিন খান
মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মো: মঈন উদ্দিন খান |ছবি : নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮টিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ১২ প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মো: মঈন উদ্দিন খান। আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনিরা শারমিনের মনোনয়ন বৃহস্পতিবার ১২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় সহকারী রিটার্নিং অফিসার মো: মনির হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা জানান, এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্রের সপক্ষে প্রয়োজনীয় কাগজ ও তার চাকরি ছাড়ার প্রত্যায়নপত্র ছিল না। বিধি অনুযায়ী সরকারি চাকরি ছাড়ার তিন বছর পর নির্বাচনে অংশ নিতে পারেন। বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে তার কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। ওই পর্যন্ত তার বাছাই স্থগিত। আর বাকি ১২ জনকে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।

জামায়াতের প্রার্থীরা হলেন, নুরুন্নিসা সিদ্দীকা (সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ), মারজিয়া বেগম (সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ), অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী (আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি), নাজমুন নাহার নীলু (প্রচার ও সাহিত্য সংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি), অধ্যাপক মাহফুজা হান্নান (কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক সেক্রেটারি, সিলেট মহানগরী), সাজেদা সামাদ (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালিকা), শামছুন্নাহার বেগম (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি, চট্টগ্রাম উত্তর জেলা), ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ (সদস্য, কেন্দ্রীয় কমিটি নারী অধিকার আন্দোলন) ও রোকেয়া বেগম (জুলাই শহীদ জাবির ইব্রাহীমের মা)।

জোটের অন্য বৈধ প্রার্থীরা হলেন- এনসিপির ডা: মাহমুদা আলম মিতু (কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব), জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ব্যারিস্টার তাসমিয়া প্রধান (সভাপতি) ও বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

আগামীকাল বৃহস্পতিবার বিএনপির ৩৬ এবং স্বতন্ত্র ৩ জনের বাছাই অনুষ্ঠিত হবে।