নির্বাচনের প্রস্তুতি দেখতে সেপ্টেম্বরে আসছে ইইউ প্রতিনিধিদল

‘সাত সদস্যের এই দলে তিনজন বিদেশী ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন।’

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন |সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রি-ইলেকশন অবজারভার টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের একটি প্রি-ইলেকশন অবজারভার টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসবে। সাত সদস্যের এই দলে তিনজন বিদেশী ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন।’

সচিব আরো জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আজ (সোমবার) এ তথ্য তারা পেয়েছেন।

দলটি আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি। বাসস