রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরকারি চাকরির প্রচলিত নিয়ম ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে স্বাভাবিকভাবে আরো দুই সপ্তাহ আগে অর্থাৎ ১২ আগস্ট ২০২৬ তারিখে বদলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদফতর।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো গণমাধ্যমে তার বদলি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
এর আগে, গত ২৬ এপ্রিল রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান আব্দুল মাবুদ। গত ১২ আগস্ট তাকে বদলি করা হয়।
এর আগে, আজ আবদুল মাবুদের স্থলে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে রংপুরের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। রংপুরের চার খুনের ঘটনা ব্যাপক আলোচনায় আসার পর নতুন কমিশনারের পদায়নের খবরের পর আবদুল মাবুদের বদলির খবরটিও সামনে আসে।



