জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। তিনি শিক্ষা ক্যাডারের ১৬তম বিসিএসের একজন কর্মকর্তা এবং পূর্বে সরকারি চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।
হিসাববিজ্ঞান বিষয়ের এই অধ্যাপক দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে এনসিটিবির নিয়মিত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: আবদুল খালেকের কাছে যোগদানপত্র দেন তিনি। যোগদান শেষে সন্ধ্যায় রাজধানীর মতিঝিলস্থ এনসিটিবি কার্যালয়ে গিয়ে বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা মো: মাহবুবুল হক পাটওয়ারীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বভার গ্রহণ করেন।
নবনিযুক্ত চেয়ারম্যানকে এনসিটিবি’র কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আজ বৃহস্পতিবার প্রথম কর্মদিবসে সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, ‘আগামী শিক্ষাবর্ষে বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যপুস্তক পৌঁছে দিতে এনসিটিবি বদ্ধপরিকর।’
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিগত বছরগুলোতে মার্চ-এপ্রিল পর্যন্ত পাঠ্যপুস্তক সরবরাহের যে বিলম্ব দেখা যেত, এবার তা কোনোভাবেই হতে দেয়া যাবে না। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই মুদ্রণ শেষ করে মাঠপর্যায়ে বই তুলে দেয়ার সর্বাত্মক চেষ্টা চালানো হবে।
এনসিটিবির কর্মকর্তারা জানান, নতুন চেয়ারম্যান যোগদানের ফলে আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পরিমার্জিত পাঠ্যপুস্তক সময়মতো মুদ্রণ ও সরবরাহের চলমান রোডম্যাপের কার্যক্রমে আরো গতিশীলতা আসবে।
সূত্র : বাসস


