কল ড্রপ ও প্যাকেজের বিষয়ে গ্রাহকদের স্পষ্ট জানাতে হবে : মন্ত্রী

বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু মালয়েশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারের চেষ্টা চলছে।

নয়া দিগন্ত অনলাইন
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম |ইউএনবি

কল ড্রপ হলে গ্রাহকের টাকা কিভাবে সমন্বয় বা ফেরত দেয়া হয় এবং মোবাইল ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডেটা বা অন্যান্য সুবিধার কী হয়- এসব বিষয়ে গ্রাহকদের স্পষ্টভাবে জানাতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেছেন, কল ড্রপ ও প্যাকেজ নিয়ে গ্রাহকদের মধ্যে থাকা অভিযোগ ও বিভ্রান্তি দূর করতে অপারেটরদের আরো সচেতনতামূলক উদ্যোগ নিতে হবে।

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ‘পাওয়ারিং দ্য ফিউচার: রবি কমপ্লিটস ঢাকা মডার্নাইজেশন’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, টেলিযোগাযোগ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। তবে এসব জনবান্ধব উদ্যোগের সুফল শুধু মোবাইল অপারেটরদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি সাধারণ গ্রাহকদের কাছেও পৌঁছাতে হবে।

বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ওপর সরকারের সর্বোচ্চ গুরুত্ব রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু মালয়েশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারের চেষ্টা চলছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপের কাছ থেকেও ভবিষ্যতে আরো বিনিয়োগের প্রত্যাশা রয়েছে।

সূত্র : ইউএনবি