শিক্ষা ক্যাডারে নিয়োগের ৪৯তম বিসিএস পরীক্ষা আজ

সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে আয়োজিত এ বিশেষ বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন তিন লাখ ১২ হাজারের কিছু বেশি প্রার্থী। ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষা ক্যাডারে নিয়োগের ৪৯তম বিসিএস পরীক্ষা আজ
শিক্ষা ক্যাডারে নিয়োগের ৪৯তম বিসিএস পরীক্ষা আজ |সংগৃহীত

৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আজ। আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষাটি কেবল ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসন বিন্যাস ও অন্যান্য নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে আয়োজিত এ বিশেষ বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন তিন লাখ ১২ হাজারের কিছু বেশি প্রার্থী। ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারে শিক্ষক সংকট থাকায় গত ২১ জুলাই এ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরদিন ২২ জুলাই থেকে শুরু হয় অনলাইনে আবেদন প্রক্রিয়া, যা চলে ২২ আগস্ট পর্যন্ত। আবেদনকারীরা ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরীক্ষার ফি পরিশোধের সুযোগ পান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে প্রভাষক পদে নিয়োগ দেয়া হবে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন। সর্বাধিক শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে- ৬১টি। এরপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৫৫টি, ইংরেজি বিভাগে ৫০টি, অর্থনীতি বিভাগে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টি এবং দর্শন ও রসায়ন বিভাগে ৩০টি করে পদ। অন্যান্য বিভাগেও প্রয়োজন অনুযায়ী নিয়োগ দেয়া হবে।