জনকণ্ঠের ১৩০ সাংবাদিককে চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতন-বোনাসের দাবি ডিআরইউ’র

ডিআরইউ নেতৃদ্বয় অবিলম্বে সকল সাংবাদিক ও কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা এবং ঈদ বোনাস পরিশোধের পাশাপাশি ১৩০ সাংবাদিকের গণছাঁটাই বন্ধ করে কর্মপরিবেশ স্বাভাবিক করার জোর দাবি জানান।

নয়া দিগন্ত অনলাইন

দৈনিক জনকণ্ঠের গণছাঁটাইয়ের শিকার ১৩০ সাংবাদিককে চাকরিতে পুনর্বহাল এবং ঈদের আগেই বকেয়া বেতন-ভাতা ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সোমবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঈদের পূর্বমুহূর্তে সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ না করা অত্যন্ত দুঃখজনক, অমানবিক এবং শ্রম আইন ও পেশাগত নীতিমালার পরিপন্থী। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বকেয়া থাকায় সংশ্লিষ্ট সাংবাদিক ও কর্মচারীরা চরম আর্থিক ও মানবিক সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছেন।

নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নৈতিক ও আইনগত দায়িত্ব। কিন্তু জনকণ্ঠ কর্তৃপক্ষ বকেয়া বেতন-ভাতা পরিশোধে কার্যকর উদ্যোগ গ্রহণ না করে উল্টো গণছাঁটাইয়ের পথ বেছে নেয়ায় সাংবাদিক সমাজে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ডিআরইউ নেতৃদ্বয় অবিলম্বে সকল সাংবাদিক ও কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা এবং ঈদ বোনাস পরিশোধের পাশাপাশি ১৩০ সাংবাদিকের গণছাঁটাই বন্ধ করে কর্মপরিবেশ স্বাভাবিক করার জোর দাবি জানান।

অন্যথায় সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন ডিআরইউ নেতৃবৃন্দ।