বাংলাদেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধি করে আমদানিনির্ভরতা কমাতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘ভবিষ্যতে বিদেশে রফতানির সক্ষমতা অর্জনের লক্ষ্যে দুধ উৎপাদনের পরিধি বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
সোমবার (১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-তে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘দুগ্ধ উৎপাদনে নারী খামারী : উন্নয়নের অগ্রযাত্রা’।
প্রতিমন্ত্রী বলেন, ‘নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। নারীরা শক্তিশালী হলে দেশ অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হবে। দুগ্ধ খামারসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ বর্তমান সমাজের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দুগ্ধ খাতে নারীদের অংশগ্রহণ শুধু প্রশংসনীয়ই নয়, তাদের দক্ষতা উন্নয়নে আরো প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করতে হবে।’
খামারিদের প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একজন উদ্যোক্তা সফল হলে দেশের অর্থনীতিও উপকৃত হয়।
প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো: শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ইমাম উদ্দীন কবীর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ডা: মো: বয়জার রহমান এবং স্বাগত বক্তব্য দেন অধিদফতরের পরিচালক ডা: বেগম শামছুননাহার আহম্মদ।
এর আগে প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ অধিদফতর প্রাঙ্গণে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি প্রাণিসম্পদ অধিদফতর থেকে শুরু হয়ে খামারবাড়ি মোড় হয়ে কেআইবি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) কর্তৃক প্রাণিসম্পদ ভবনের সামনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে দুধ বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এসময় ভ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা: আব্দুর রহিম এবং মহাসচিব ডা: কবির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এরপর প্রতিমন্ত্রী দুপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কারওয়ান বাজারস্থ প্রধান কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন দফতরের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনিময়কালে মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা ও সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। সরকার ও প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলদের আন্তরিকতা, জবাবদিহিতা এবং সুশাসনের চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।



