মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি : চিফ হুইপ

‘তামাক সেবন করলে ক্ষতি হয় এটা সব মানুষই জানে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। এখানে একজন তামাক সেবন করলে পাশের ১০ জন আক্রান্ত হয়। তাই তামাকের ব্যবহার রোধে দরকার কার্যকর পদক্ষেপ।’

নয়া দিগন্ত অনলাইন
‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন’ শক্তিশালী করার প্রয়োজনীয়তা শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে চিফ হুইপ মো: নূরুল ইসলাম
‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন’ শক্তিশালী করার প্রয়োজনীয়তা শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে চিফ হুইপ মো: নূরুল ইসলাম |নয়া দিগন্ত

মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো: নূরুল ইসলাম।

তিনি বলেন, ‘বর্তমান সরকার তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে অত্যন্ত আন্তরিক। আমরা তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূলের চেষ্টা করব। যদি নির্মূল করতে নাও পারি, অন্তত এর ব্যবহার আর যাতে বৃদ্ধি না পায় সেই ব্যবস্থা করা হবে। মানবসম্পদ ছাড়া আমাদের আর কোনো সম্পদ নেই। তাই মানবসম্পদকে রক্ষা করতে হলে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি।’

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারী স্বাস্থ্য সুরক্ষায় ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন’ শক্তিশালী করার প্রয়োজনীয়তা শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ)-এর সহযোগিতায় তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

নূরুল ইসলাম বলেন, তামাক সেবন করলে ক্ষতি হয় এটা সব মানুষই জানে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। এখানে একজন তামাক সেবন করলে পাশের ১০ জন আক্রান্ত হয়। তাই তামাকের ব্যবহার রোধে দরকার কার্যকর পদক্ষেপ।

তামাক চাষীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি কেন তামাক চাষ করবেন? তামাকের বদলে অন্য কিছু চাষ করেন।’

চিফ হুইপ বলেন, ২০০৫ সালে তামাকবিরোধী আইন তৈরি হয়েছিল, বিএনপি সরকারের সময়ই টেলিভিশনে তামাকের বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে।

বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করে দিয়েছে এবং কৃষক কার্ড দেয়ার ব্যবস্থা করেছে। নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করেছি এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্বে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনো তেলের দাম বাড়ানো হয়নি উল্লেখ করে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যাতে জ্বালানির দাম না বাড়ানো হয়। আপনারা জানেন পাশের দেশ পাকিস্তানে তেলের দাম ডাবল হয়েছে, শ্রীলঙ্কা বা নেপালে স্কুল বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী বাহুল্য খরচ কমাতে নিজের গাড়ির বহর কমিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, যাতে এসির তাপমাত্রা ২৫-এর নিচে না নামানো হয়। তিনি নিজের রুমেও অধিক আলো বা এসি ব্যবহার করেন না, শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ের জন্য।

পরিবেশ সুরক্ষায় সরকার ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, খালের দুই পাড়ে চন্দন কাঠের মতো মূল্যবান গাছ লাগানো যেতে পারে, যা ভবিষ্যতে অর্থনৈতিক সম্পদ দেবে।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণে বিএনপি সরকারের পদক্ষেপ, একটি ভিডিও চিত্রসহ তামাক ব্যবহারের ভয়াবহ চিত্র ও ক্ষতিকর দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫-কে আইনে রূপান্তরের জোর দাবি জানানো হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা: সোহেল রেজা চৌধুরী বক্তব্য রাখেন। বাসস