রামপুরায় ১৫৩ রাউন্ড গুলির নির্দেশদাতা ‘ছাত্রলীগ ক্যাডার’ অমিত এখনো বহাল রাবার বোর্ডে

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬তম ব্যাচের এই কর্মকর্তা ওই সময় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এই কর্মকর্তা এখনো চাকুরিতে বহাল থেকে বাংলাদেশ রাবার বোর্ডের উপপরিচালক হিসেবে কর্মরত আছেন।

শামছুল ইসলাম
অমিত কুমার সাহা
অমিত কুমার সাহা |নয়া দিগন্ত গ্রাফিক্স

ছাত্র-জনতার আন্দোলন দমাতে ১৮ জুলাই রামপুরা এলাকায় অমিত কুমার সাহা ও তার নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বিচারে ১৫৩ রাউন্ড গুলি ছুড়েছিলেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬তম ব্যাচের এই কর্মকর্তা ওই সময় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এই কর্মকর্তা এখনো চাকুরিতে বহাল থেকে বাংলাদেশ রাবার বোর্ডের উপপরিচালক হিসেবে কর্মরত আছেন।

জনপ্রশাসন মন্ত্র্রণালয়ের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা ২০২৪ সালের ১৮ জুলাই রামপুরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালন করেন। এ সময় তার নির্দেশে সহকারী পরিচালক বেগ আব্দুল আল মাসুম, সুবেদার আব্দুস সালাম এবং হাবিলদার মোজাম্মেল হক ১৫৩ রাউন্ড এসএমজি ব্যবহার করে গুলি করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দুলাল মাদবর নামের এক ব্যক্তি এবং রাজধানীর ঢাকা ইম্পেরিয়াল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মো: জিল্লুর শেখ নিহত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে পড়ালেখা শেষে অমিত কুমার সাহা প্রশাসন ক্যাডারে যোগদান করেন। শিক্ষার্থী থাকাকালে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের ক্যাডার ছিলেন এই কর্মকর্তা। সেই পরিচয়েই আওয়ামী শাসনামলে ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয় তাকে।

৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই কর্মকর্তাকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়। সেখানে মাত্র দুই মাস দায়িত্বপালন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি চক্রকে ম্যানেজ করে ঢাকায় বদলি হয়ে আসেন। বর্তমানে বাংলাদেশ রাবার বোর্ডের উপপরিচালক হিসেবে কর্মরত আছেন এই কর্মকর্তা।