পবিত্র ঈদুল আজহার দু’দিন বন্ধ থাকার পর অবশেষে আজ রোববার থেকে আবারো যাত্রী পরিবহন শুরু করেছে মেট্রোরেল। তবে এবারের ঈদ পরবর্তী যাত্রায় কঠোর একটি কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা কোনো প্রকার গোশত মেট্রোরেলে বহন করা যাবে না।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই নিষেধাজ্ঞা জারি করে স্টেশনগুলোতে কঠোর তল্লাশির নির্দেশ দিয়েছে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়। এই দিনে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলছে। আগামী সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচী অনুযায়ী চলাচল করবে।
গত মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা গোশত বহন সম্পূর্ণ নিষিদ্ধ। মেট্রো স্টেশনের প্রতিটি গেটে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে। কোনো যাত্রীর কাছে কাঁচা বা রান্না করা গোশত পাওয়া গেলে তাৎক্ষণিক তার মেট্রো স্টেশনে প্রবেশ আটকে দেয়া হবে। মেট্রোরেলের নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতেও বিজ্ঞপ্তিতে নির্দেশ দেয়া হয়েছে।



