গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠেয় এ সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) যৌথ আয়োজনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় দুই দিনব্যাপী (১৬-১৭ মার্চ) গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠেয় এ সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ মন্ত্রী ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক ও ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লেজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক উচ্চ পর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন।

তা ছাড়া মন্ত্রী সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে ইউএনওডিসি’র নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

উল্লেখ্য, মন্ত্রী সামিটে অংশ নিতে আজ (১৫ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইনসের ইটি ৬৭৯ ফ্লাইট যোগে ঢাকার হযরত শাহজালাল রহ: আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে তার্কিশ এয়ারলাইনসের টিকে ৭১২ নং ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।